নিজস্ব প্রতিবেদক, সাভার |
সাভারে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী অহিংস সমাজ সংস্কার আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টার সময় সাভারের পাকিজা ইয়ামিন চত্বরে ‘শাহাদাত এর ক্ষুদ্র ভাবনা’ নামক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলন চলাকালে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা শাহাদাত হোসেন জীবনের গুরুত্ব তুলে ধরে বলেন, “মানুষ অনেক সময় আবেগ বা অসচেতনতার বশে নিজের জীবনের ঝুঁকি নেয়, যা কেবল তার নিজের নয়, বরং একটি পরিবারের স্বপ্ন ধ্বংস করে দেয়। আমাদের স্লোগানই হলো— জীবনের ঝুঁকি কেন রে ভাই জীবন তো তোমার একটাই।” তিনি সমাজের সর্বস্তরের মানুষকে সহিংসতা পরিহার করে গঠনমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের গাজীপুর জেলা শাখার সভাপতি মো. হাসানুর রহমান এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইমরান মাহমুদ। গাজীপুর জেলা সভাপতি হাসানুর রহমান বলেন, “আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবনার মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনতে চাই। আজ সাভারে যে সচেতনতার বার্তা আমরা দিচ্ছি, তা পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।” কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইমরান মাহমুদ জানান, প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে জীবনের মূল্য বোঝানো এবং অহিংস সমাজ গঠনে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেন। সংগঠনটি মূলত তরুণদের বিপথগামিতা থেকে রক্ষা এবং নিরাপদ জীবন যাপনের ওপর গুরুত্বারোপ করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।