উৎসবমুখর পরিবেশে সাভারে শুরু হয়েছে ডব্লিউবিই ফাউন্ডেশন (WBEF) আয়োজিত ‘WBEF উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব-২০২৬’। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সাভার রেডিও কলোনি সংলগ্ন জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির প্রধান গেট সংলগ্ন ‘সাভার গুড লাইট একাডেমী’ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন খোরশেদ আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন মো. কায়কোবাদ, মোহাম্মদ শরিফুজ জামান হাসপাতাল অ্যাসোসিয়েশনের স্বত্বাধিকারী ওয়াকিলুর রহমান এবং সাভার পৌর বিএনপি নেতা ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেলায় উদ্যোক্তাদের স্টলগুলোতে স্থান পেয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও সুস্বাদু হোমমেড পিঠা, মিষ্টি, পায়েস, দই, খাঁটি সরিষার তেল, আচার ও ঘরোয়া নানা খাবার। এছাড়া ক্রেতাদের জন্য রয়েছে নারী-পুরুষ ও শিশুদের পোশাক, পাঞ্জাবি, ইমিটেশনের গহনা, পাটের তৈরি শৈল্পিক পণ্য, লেদার সামগ্রী, কসমেটিকস ও ঘর সাজানোর প্রয়োজনীয় পণ্য। মেলার অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘আর্ট কম্পিটিশন’। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় ‘এ, বি ও সি’ তিনটি গ্রুপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ৯ জন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করবে ডব্লিউবিই ফাউন্ডেশন। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর জন্য ‘বিটেক কমিউনিকেশন ওপিসি’-এর পক্ষ থেকে রয়েছে নিশ্চিত উপহার হিসেবে মগ।মেলার অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে মেহেদী উৎসব এবং প্রতিদিন সন্ধ্যায় আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজক সূত্রে জানা গেছে, মেলাটি ৮, ৯ ও ১০ জানুয়ারি (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার এবং বাঙালির পিঠা উৎসবের ঐতিহ্যকে তুলে ধরতেই এই আয়োজন।