জয়পুরহাট প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান নিজ নির্বাচনি এলাকায় পৌঁছালে তাকে বরণ করতে ছুটে আসেন হাজারো দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিলসহ শহরের প্রবেশমুখে জড়ো হন প্রিয় নেতাকে একনজর দেখার আশায়। দুপুরের দিকে মাসুদ রানা প্রধানের গাড়িবহর জয়পুরহাট শহরে প্রবেশ করলে চারপাশে ধ্বনিত হয় “জয়বাংলা নয়, জনগণের জয় হোক” — এমন শ্লোগান। কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে মুহূর্তেই পরিণত হয় জনসমুদ্রে। ফুলেল শুভেচ্ছা, ব্যানার-প্ল্যাকার্ড আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এই সময় চোখের কোণে পানি জমে যায় মাসুদ রানা প্রধানের। আবেগভরে তিনি বলেন,এতোদিন দূরে ছিলাম, আজ যখন আপনাদের এমন ভালোবাসা দেখছি— সত্যি বুকটা ভরে গেছে। কান্না চলে আসে কষ্টে, মনে হয় এই মানুষগুলোর জন্যই আমাকে আরও দৃঢ় হতে হবে। এই ভালোবাসাই আমার প্রেরণা, এই মানুষগুলোর সুখ-দুঃখের সাথেই আমি থাকতে চাই।”তার কথায় কান্না জড়ানো আবেগ স্পর্শ করে উপস্থিত সবার হৃদয়। অনেক সমর্থককেও চোখ মুছতে দেখা যায়। অভ্যর্থনা অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। শহরের প্রধান সড়কজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কেউ হাতে ব্যানার, কেউ ফুল, আবার কেউ গান ও শ্লোগানে জানায় শুভেচ্ছা। অনুষ্ঠান শেষে মাসুদ রানা প্রধান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমি রাজনীতি করি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। জয়পুরহাটের মাটি ও মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আজীবন থাকবে।”