সংবাদ:
গত ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে টঙ্গীর আমজাদ আলী গার্লস স্কুল এন্ড কলেজে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপি-র সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন-এর উদ্যোগে এবং লায়ান্স ক্লাব অফ ঢাকা ডায়নামিক সিটি-র সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে শতাধিক নারী ও পুরুষ রোগীর চোখ পরীক্ষা করা হলে অনেকের চোখের ছানির সমস্যা ধরা পড়ে। পরবর্তীতে তাদের মধ্যে ৬০ জনের চোখের ছানি সফলভাবে অপারেশন করা হয়। আজ লায়ন্স চক্ষু হাসপাতাল-এ চিকিৎসাধীন রোগীদের শারীরিক খোঁজখবর নেন সরকার জাভেদ আহমেদ সুমন।
এ সময় তিনি জানান, যেসব রোগীর ডায়াবেটিস ও রক্তচাপ বেশি থাকায় আজ অপারেশন করা সম্ভব হয়নি, তাদের অপারেশন আগামীকাল ইনশাআল্লাহ সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, আগামী জানুয়ারি মাসে আবারও একটি বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প আয়োজন করা হবে। পর্যায়ক্রমে গাজীপুর মহানগরের যেসব থানা এখনো এ সেবার আওতায় আসেনি, সেসব এলাকাতেও চক্ষু সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।
শেষে তিনি রোগীদের চিকিৎসকদের দেওয়া নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান এবং এই মানবিক কার্যক্রম সফলভাবে চালিয়ে যেতে সবার দোয়া কামনা করেন।