প্রতিনিধি রাজশাহী,
রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, দীর্ঘ প্রচেষ্টার পর বৃহস্পতিবার রাত ৯টায় সাজিদকে গর্ত থেকে উদ্ধার করা হয়। তবে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, শিশুটিকে যখন রাত ৯টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়, তার আগেই তার মৃত্যু হয়েছে। উল্লেখ্য, বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে খেলার সময় শিশু সাজিদ একটি খোলা নলকূপের গভীর গর্তে পড়ে যায়। শিশুটিকে উদ্ধারে বুধবার দুপুর থেকেই ফায়ার সার্ভিস ও অন্যান্য উদ্ধারকারী দল কাজ শুরু করেছিল।