নিজস্ব প্রতিবেদক সাভার (ঢাকা):
সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন “দুবাই গেস্ট হাউজ” নামের একটি আবাসিক ভবনে দেহ ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগে অভিযান চালিয়েছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতের এই অভিযানে ৯ জন পতিতা’সহ মোট ২২ জনকে আটক করা হয়েছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালানোর চেষ্টা করলেও তাদের আটক করা সম্ভব হয়। বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
অসামাজিক কার্যকলাপের অভিযোগ
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতেই অভিযান চালানো হয়। তিনি বলেন, “৯ নারীসহ ২২ জনকে আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর স্বস্তি, তবে নজরদারির দাবি
স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, হোটেল ব্যবসার আড়ালে এখানে দেহ ব্যবসা চলছিল। রাতে অচেনা ব্যক্তিদের আনাগোনায় এলাকাবাসীর মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল। তাদের অভিযোগ, এর আগেও একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এবং একবার অভিযানের মাত্র সাত দিনের মাথায় আবারও প্রকাশ্যে পতিতাবৃত্তি শুরু হয়েছিল।
এই অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তারা হোটেল ব্যবসার নামে অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের নিয়মিত ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত বছরও এই গেস্ট হাউজে দেহ ব্যবসার অভিযোগে এলাকাবাসী ভাঙচুর চালিয়ে কয়েকজনকে আটক করে পুলিশে দিয়েছিল।